“কে নিষেধাজ্ঞা দিলো, সেটা নিয়ে আমরা ভাবি না”
নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বা বিএনপিবিহীন নির্বাচন হলে আরও নিষেধাজ্ঞা আসবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাইরের কে নিষেধাজ্ঞা দিলো, সেটা নিয়ে আমরা ভাবি না। আমাদের দেশের নির্বাচন, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধানের আলোকে আমাদের ইচ্ছায় নির্বাচন হবে। অন্য কারো নির্দেশ বা নিষেধাজ্ঞায় হবে না।
আজ বুধবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের।
সময়সীমা ঠিক রেখে নির্বাচন কমিশন যদি তফসিল আগে পিছে করে তাহলে আওয়ামী লীগের কোনো সমস্য নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের বিষয়টা পুরোই ইসির। সময়সীমা ঠিক রেখে তারা যদি কোনো সমন্বয় করে, সেটা ইসির বিষয়।
জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে তিনি বলেন, ১৪ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোনো সমস্যা হবে না। আলাপ আলোচনার ভিত্তিতে প্রার্থিতা ঠিক করা হবে। কার সাথে কার নির্বাচনী সমীকরণ হয়, সেটা মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত চলবে।
দলীয় প্রার্থী ঠিক করার প্রক্রিয়া সম্পর্কে কাদের বলেন, আমাদের মনোনয়ন প্রক্রিয়া গণতান্ত্রিক। অভ্যন্তরীণ গণতন্ত্র আমরা অনুসরণ করি। জনমত জরিপ, সরকারি জরিপ ছাড়াও প্রধানমন্ত্রীর নিজস্ব একটা সেল আছে। সবগুলো মিলিয়ে যার নম্বর বেশি তাকেই মনোনয়নের জন্য বিবেচনা করা হয়। সব বিবেচনা করেই গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবো।
আরও পড়ুনঃ তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে





